দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা
ঢাকা, বাংলাদেশ — ২০ জানুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান ও দলীয় আনুগত্য প্রকাশ করে ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য এবং দলীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসনের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ান।
এর আগে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে ব্যারিস্টার সরওয়ারের মনোনয়নপত্র বাতিল করা হলেও আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান। আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থিতা বৈধ হওয়া সত্ত্বেও দলীয় চেয়ারম্যান তারেক রহমান এই আসনে প্রার্থী হওয়ায় তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার সরওয়ার হোসেন বলেন,
‘আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি। কারাবরণও করেছি। দলীয় চেয়ারম্যানের সম্মান ও তার সমর্থনে আমি স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছি।’
তিনি আরও জানান, একজন দলীয় কর্মী হিসেবে দলীয় প্রধানকে সহযোগিতা করা তার নৈতিক দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী দিনের রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে ব্যারিস্টার সরওয়ার বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে তারেক রহমান দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত, ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবেন। সুশাসন প্রতিষ্ঠা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন বলেও তিনি মন্তব্য করেন।