নয়াদিল্লি – ২১ জানুয়ারি ২০২৬
ভারত ও বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনার প্রভাব এবার গড়িয়েছে ক্রিকেট অঙ্গনেও। বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে করা একটি পিটিশন খারিজ করে দিয়েছে দিল্লির হাইকোর্ট।
বুধবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার সমন্বয়ে গঠিত দিল্লি হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলাটির প্রাথমিক গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে। আদালত পর্যবেক্ষণে বলেন, পিটিশনে যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো সরাসরি ভারতের বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট, যা নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত।
আদালত স্পষ্ট করে জানান, এ ধরনের আবেদন বিচারিক ক্ষমতার আওতায় পড়ে না এবং এটি আদালতের সময় নষ্ট করার শামিল। বেঞ্চ আরও উল্লেখ করেন, বিদেশি রাষ্ট্র, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কিংবা অন্য দেশের ক্রিকেট বোর্ড সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার দিল্লি হাইকোর্টের নেই।
প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় বলেন, ভারতীয় সংবিধানের ২২৬ নম্বর অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার কোনো বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা অথবা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ওপর প্রযোজ্য নয়। এসব বিষয় সম্পূর্ণভাবে বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে যুক্ত।
শুনানিকালে বিসিসিআইয়ের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, পিটিশনে কোনো সুস্পষ্ট আইনগত ভিত্তি ছাড়াই বিদেশি ক্রিকেট বোর্ডগুলোকে পক্ষভুক্ত করা হয়েছে। আদালতের কড়া মন্তব্যের পর আবেদনকারী নিজেই পিটিশন প্রত্যাহারের আবেদন জানান, যা আদালত মঞ্জুর করেন।