ঢাকা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র প্রশ্ন তুলেছেন জনপ্রিয় তরুণ আলেম মিজানুর রহমান আজহারী। পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে এর কারণ জানতে চেয়েছেন।
গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন মিজানুর রহমান আজহারী।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?”
ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে তিনি লেখেন, সেখানে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর করছে। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে হামলার ভান করে ছত্রভঙ্গ করেই কর্মসূচি শেষ করা যেত।
আজহারী আরও স্মরণ করিয়ে দেন, কয়েক মাস আগে একজন পুলিশ কর্মকর্তা একই ধরনের পরিস্থিতিতে সংযত আচরণ করে প্রশংসা কুড়িয়েছিলেন। সেই উদাহরণ টেনে তিনি প্রশ্ন রাখেন—তাহলে এবার কেন এমন অতিরিক্ত বলপ্রয়োগ?
তিনি বলেন, “বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক।”
একই সঙ্গে তিনি প্রত্যাশা প্রকাশ করেন, যেকোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের সময় আরও সংযত, পেশাদার ও মানবিক আচরণ করবেন।
পোস্টের শেষাংশে ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের মারমুখী আচরণ ও অতিরিক্ত বলপ্রয়োগের তীব্র নিন্দা জানান জনপ্রিয় এই ইসলামী বক্তা।