ব্রাহ্মণবাড়িয়া | ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে স্থানীয়দের বাধা দেওয়ায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়ে চারজনকে আহত করেছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনা রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে ঘটে। আহতরা হলেন আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।
স্থানীয়রা জানিয়েছেন, মেঘনা নদীতে একটি পক্ষ ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু তারা নির্দিষ্ট সীমা অতিক্রম করে চরলাপাং এলাকায় বালু উত্তোলন করে, যা কৃষি জমিসহ আশপাশের এলাকায় ভাঙন ঝুঁকি সৃষ্টি করছে।
সকালেই স্থানীয়রা আবারও বালু উত্তোলনে বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পাশ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় আগত দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর উপর গুলি চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় রেফার করা হয়েছে।
ওসি জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে এবং ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।