১১ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান; তিন ম্যাচ শেরে বাংলা স্টেডিয়ামে
ঢাকা | ০৮ মার্চ ২০২৬
বিশ্ব ক্রিকেটের নজর যখন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দিকে, ঠিক তখনই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অন্য এক লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘ ১১ বছর পর পাকিস্তান পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে।
রোববার ভোরে শাহিন শাহ আফ্রিদি নেতৃত্বে দলের একটি অংশ ঢাকায় আসে। দলের অন্য অংশ আগামীকাল ঢাকায় পা রাখবে। এর আগে শনিবার প্রধান কোচ মাইক হেসেন ও কয়েকজন সাপোর্ট স্টাফ ঢাকায় পৌঁছান।
মূলত আইসিসির নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনটি সংস্করণের ক্রিকেট খেলার কথা ছিল। তবে পাকিস্তান সুপার লিগের ব্যস্ততার কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এই সফরে দুই দল কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। পিএসএল শেষে আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
সর্বশেষ ২০১৫ সালে পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। ২০২১ ও ২০২৫ সালে বাংলাদেশ সফর করলেও সেগুলোতে ছিল কেবল টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ।
ওয়ানডে সিরিজের সূচি নিম্নরূপ:
- ১ম ম্যাচ: ১১ মার্চ, দুপুর ২টা ১৫ মিনিট, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
- ২য় ম্যাচ: ১৩ মার্চ, একই সময় ও স্থান
- ৩য় ও শেষ ম্যাচ: ১৫ মার্চ, একই সময় ও স্থান
সিরিজ শেষে পাকিস্তান দল ১৬ মার্চ দেশে ফিরে যাবে।