সৈয়দপুর, নীলফামারী | ১৬ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে নীলফামারীর সৈয়দপুর থেকে সড়কপথে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান, যেখানে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হয়েছেন। সড়কের দুইধারে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।