প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশে তেলের সরবরাহে কোনো ঘাটতির সম্ভাবনা নেই। সচেতনভাবে তেলের ব্যবহার নিশ্চিত করতে এবং অবৈধ মজুত রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ স্বাভাবিক এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করা বিপজ্জনক। তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় রয়েছে।
সরকার চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল কিনছে এবং দেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করছে। তাই কোনো ঘাটতি নেই। অতিরিক্ত লাভের আশায় তেল মজুত করা যাবে না।
দেশের সব পেট্রোল পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে। জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে।
এছাড়া, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের বিভিন্ন ডিপোতে মোতায়েন করা হয়েছে। এর উদ্দেশ্য:
- তেল মজুত প্রতিরোধ করা
- তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা
- বিপণনে শৃঙ্খলা বজায় রাখা
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে। তাই দেশের অভ্যন্তরীণ বাজারে শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।