প্রকাশ, ৩১ মার্চ ২০২৬
দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
গত সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল করা হয়।
শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে আবেদনটি করেন। আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধ জানানো হয়। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশও চাওয়া হয়।
অভিযোগে বলা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়।
অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা আবেদনকারীর মতে ন্যায়বিচারের নীতির পরিপন্থি।