প্রকাশ : ৩০ মার্চ ২০২৬
সরকার অবৈধ জ্বালানি মজুত ও পাচার রোধে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। যারা নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করবেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনার এবং মাঠ পর্যায়ে কার্যকর নজরদারি জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি অবৈধভাবে তেল মজুত বা পাচারের তথ্য স্থানীয় প্রশাসনের কাছে সরবরাহ করেন, তবে যাচাই শেষে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
সরকারি পর্যবেক্ষণে দেখা গেছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও সরবরাহ অনিশ্চয়তার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে তেল গোপনে মজুত রাখছে এবং বেশি দামে বাজারজাত করছে।
এই পরিস্থিতিতে উচ্চ মূল্যে আমদানি করা জ্বালানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে একাধিক মজুত ও পাচারচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কার্যক্রম আরও কার্যকর করতে সাধারণ মানুষের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পুরস্কারের অর্থপ্রদান প্রক্রিয়া সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে সম্পন্ন হবে, ফলে তথ্য যাচাই ও প্রশাসনিক অনুমোদনের পর দ্রুত অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে।