রামু (কক্সবাজার) | প্রকাশ : ৩১ মার্চ ২০২৬
কক্সবাজারের রামুর এক তামাকচাষিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন থেকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে স্বজনরা।
অপহৃত ব্যক্তি রিদুয়ান করিম মিন্টু (৪০)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউসপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সুলতান আহমদ।
স্থানীয় মহিলা ইউপি সদস্য কামরুন্নাহার জানান, রোববার (২৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লতা বইন্না দশতলা এলাকা থেকে দুর্বৃত্তরা মিন্টুকে অপহরণ করে নিয়ে যায়। সে সময় তিনি তামাকক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন।
অপহৃতের আত্মীয় ভুট্টো জানান, তামাকক্ষেত থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তার মুক্তির জন্য মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।