ভাঙ্গুড়া (পাবনা) | প্রকাশ : ৩১ মার্চ ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মন্টু মিয়া (৮০) নামে এক মসজিদের খাদেম নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মন্টু মিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের খাদেম ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে এশার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় কলেজপাড়া মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। সেখানে সোমবার দিবাগত রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে এস এম মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।