অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বান্দরবান | ৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দীর্ঘদিন গণতন্ত্রের অনুপস্থিতির পর দেশ একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগোচ্ছে। এই নির্বাচন শুধু গণতান্ত্রিক উত্তরণের পথই খুলে দেবে না, বরং অতীতে বিতর্কিত নির্বাচনের কারণে কলঙ্কিত হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধারেরও সুযোগ তৈরি করবে।
সোমবার সকালে বান্দরবান পুলিশ লাইনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনের কারণে কেবল নির্বাচন কমিশন নয়, দেশের প্রতিটি প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়েছে। এই বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে আসন্ন নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সবাইকে এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান কারণ ছিল প্রকৃত গণতন্ত্রের অনুপস্থিতি ও বিতর্কিত নির্বাচন ব্যবস্থা। তাই আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরে নির্বাচন কমিশনার জেলা প্রশাসক কার্যালয়ে জেলার ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।