ভোটার স্লিপে নির্দিষ্ট প্যানেলের পোস্টার ছাপানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ
ঢাকা | ০৫ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন শুরু হতেই ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। ভোটগ্রহণকে প্রভাবিত করার অপচেষ্টার অভিযোগে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে ইউটিএল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে তারা দেখেছেন, সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকালে শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
তবে তিনি অভিযোগ করে বলেন, নির্দিষ্ট একটি দলের পোলিং এজেন্টদের হাতে এমন কিছু ভোটার স্লিপ পাওয়া গেছে, যার পেছনে ওই নির্দিষ্ট প্যানেলের পোস্টার প্রিন্ট করে বিতরণ করা হচ্ছে। এটি স্পষ্টভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল।
ড. বিলাল হোসাইন আরও বলেন, ভোটার স্লিপ একটি সংবেদনশীল ও নিরপেক্ষ নির্বাচনি উপকরণ। সেখানে কোনো প্যানেলের প্রচারণামূলক উপাদান সংযুক্ত করা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি।
সংবাদ সম্মেলনে ইউটিএল নেতারা দাবি করেন, এ ধরনের কৌশল নতুন নয়। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনেও একই ধরনের অভিযোগ উঠেছিল বলে উল্লেখ করেন তারা।
ইউটিএল নেতারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।