চট্টগ্রামের লোহাগাড়ায় নছিমনের চাপায় প্রাণ গেল চকরিয়ার রেজাউল করিমের
চট্টগ্রাম | ০৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের লোহাগাড়ায় স্বজনের জানাজা নামাজে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তি। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নছিমন গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদারদীঘিরপাড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেজাউল করিম কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সৈয়দ আহমদের পুত্র।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, স্বজনের জানাজা নামাজে অংশ নিতে তিন ভাই মোটরসাইকেলযোগে বান্দরবান থেকে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পদুয়া সিকদার দীঘিরপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে রেজাউল করিম সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি নছিমন গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দীন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।