চার্জশিট প্রসঙ্গে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম
ঢাকা | ০৫ জানুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল সংক্রান্ত বিষয়ে বিকেলে ব্রিফিং ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম মামলার সর্বশেষ অগ্রগতি ও চার্জশিট দাখিলের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে অবশ্যই দাখিল করা হবে। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এই মামলাটি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চার্জশিট দাখিল ও তদন্তের অগ্রগতি নিয়ে আজকের ব্রিফিংয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।