উত্তর সুলাওয়েসির সিয়াউ দ্বীপে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিখোঁজ ৪
জাকার্তা | ০৫ জানুয়ারি ২০২৬
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের সিয়াউ দ্বীপে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী সংস্থা।
স্থানীয় গণমাধ্যম জাকার্তা গ্লোব জানায়, সোমবার (৫ জানুয়ারি) ভোর থেকে টানা ভারী বৃষ্টির কারণে হঠাৎ করে বন্যা দেখা দেয় সিয়াউ দ্বীপে। এতে বহু এলাকা পানিতে তলিয়ে যায় এবং প্রাণহানির ঘটনা ঘটে।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্র নুরিয়াদিন গুমেলেং জানান, বন্যায় এখন পর্যন্ত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। নিখোঁজ চারজনকে উদ্ধারে ১৬ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, প্রধান সড়কগুলো পাথর, গাছের ডালপালা এবং ঘন কাদায় ঢেকে যাওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাদা অপসারণ ও সড়ক পরিষ্কারের কাজে ভারী এক্সকেভেটর মোতায়েন করা হয়েছে।
দুর্যোগের কারণে অন্তত ৪৪৪ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে স্থানীয় স্কুল ও গির্জায় আশ্রয় দেওয়া হয়েছে।
উত্তর সুলাওয়েসির গভর্নর ইউলিউস সেলভানাস জানান, বন্যায় কয়েকশ ঘরবাড়ি এবং কিছু সরকারি ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিনে সুলাওয়েসি ছাড়াও জাভা, মালুকু ও পাপুয়া দ্বীপে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি রয়েছে।
পরিবেশবাদীরা বলছেন, খনিজ উত্তোলন ও নির্বিচারে বন উজাড়ের কারণে ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি দিন দিন বাড়ছে। উল্লেখ্য, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস এই অঞ্চলে বর্ষার সর্বোচ্চ মৌসুম হিসেবে পরিচিত।