ভোটকেন্দ্রে বিলম্ব ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির দাবি জবি শিক্ষক সমিতির
ঢাকা | ০৫ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে উদ্ভূত সকল সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধান করেছে নির্বাচন কমিশন—এমন দাবি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইছ উদ্দিন।
তিনি বলেন, ভোটগ্রহণের শুরুতেই শহীদ সাজিদ ভবনের ২১২, ২১৩ ও ২১৭ নম্বর ভোটকেন্দ্রে ভোট গ্রহণে বিলম্বের অভিযোগ পাওয়া যায়। নির্বাচন কমিশন ও শিক্ষক সমিতির প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করেন।
রইছ উদ্দিন জানান, ওই কেন্দ্রগুলোতে এজেন্টদের উপস্থিতি বিলম্বিত হওয়ায় সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছিল। তবে বিষয়টি দ্রুত সমাধান করা হয় এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলতে থাকে।
তিনি আরও বলেন, প্রার্থীরা ভোটার তালিকা নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কি না—এ বিষয়ে কিছু কেন্দ্রে বিভ্রান্তি ও দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসের কিছু এলাকায় অপ্রয়োজনীয় ভিড় লক্ষ্য করা গেছে, যা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য হুমকিস্বরূপ। এ কারণে ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের দ্রুত ক্যাম্পাস ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষক সমিতির দাবি, নির্বাচন কমিশনের তাৎক্ষণিক পদক্ষেপ ও সক্রিয় তৎপরতার ফলে জকসু নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।