বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হলে সরকার অবশ্যই প্রতিক্রিয়া জানাবে
ঢাকা, বাংলাদেশ — ৮ জানুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও প্রয়োজনে চোখে চোখ রেখে কথা বলা যায়। তিনি আরও উল্লেখ করেছেন, কোনো দেশের আচরণে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হলে সরকার অবশ্যই প্রতিক্রিয়া জানাবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজওয়ানা হাসান ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক, বাণিজ্য এবং ক্রিকেট ইস্যুতে এক প্রশ্নের জবাবে বলেন, “যার সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজনে তার সঙ্গে চোখে চোখ রেখে তো কথা বলা যায়। বিষয়টা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করা। ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী এবং তার সঙ্গে সম্পর্ক সব সময়ই বন্ধুত্বপূর্ণ থাকবে।”
তিনি আরও বলেন, যখন কোনো দেশের আচরণে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয় বা নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন সরকার অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। “একটি জায়গায় প্রতিক্রিয়া দেখানোর মানে এই নয় যে, সব জায়গায় আমরা একই মনোভাব রাখব। নিজের দেশের মর্যাদার স্বার্থে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান পরিষ্কার থাকবে,” যোগ করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, যদি কোনো প্রার্থী বা দল প্রমাণ দিতে পারেন যে কোনো রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতিত্ব বা দ্বিমুখী আচরণ হয়েছে, নির্বাচন কমিশন বিষয়টি দেখবে। এছাড়া যথেষ্ট তথ্যপ্রমাণ থাকলে সরকারও নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে।