দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিএনপির প্রার্থীর বিপক্ষে অবস্থানের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা
কুমিল্লা — ১৮ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব সরকার এবং বলরামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম শামীম ওসমানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়ের ভূইয়া টিপু এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে হাবিব সরকার ও এ কে এম শামীম ওসমানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিপক্ষে অবস্থান নেন এই দুই যুবদল নেতা। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় যুক্ত থাকার অভিযোগসহ শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
এ বিষয়ে হাবিব সরকার ও এ কে এম শামীম ওসমান বলেন, ‘আমরা দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি দেখেছি। ওই চিঠিতে আমাদের আহ্বায়কের স্বাক্ষর নেই।’