এক বছরে উপশাখার আমানত বেড়েছে ৩ হাজার ৭শত কোটি টাকা, মোট আমানত দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকায়
ঢাকা, বাংলাদেশ — ১৮ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের আমানতের পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত এক বছরে উপশাখার আমানত বৃদ্ধি পেয়েছে ৩ হাজার ৭শত কোটি টাকা। ব্যাংকের মোট আমানত এখন দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকায়।
রেমিট্যান্স আহরণের ক্ষেত্রে প্রবাসীদের আস্থা ও ভালোবাসায় ইসলামী ব্যাংক ১৮ বছর ধরে শীর্ষে রয়েছে। গত এক বছরে ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত রেমিট্যান্স হয়েছে ৭৬,০০০ কোটি টাকা। বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহকসংখ্যা ৩ কোটি, যা গত এক বছরে ৫০ লক্ষ বৃদ্ধি পেয়েছে।
ইসলামী ব্যাংক বর্তমানে ৪০০টি শাখা, ২৭১টি উপশাখা, ২,৭৮৮টি এজেন্ট আউটলেট এবং ৩,০৪০টি এটিএম/সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে।
১৭ জানুয়ারি ২০২৬, শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলনে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন আরও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও ২৭১টি উপশাখার ইনচার্জগণ।
মোঃ ওমর ফারুক খাঁন বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অবিস্মরণীয়। জুলাই বিপ¬বের পর ব্যাংকিং পরিস্থিতি পরিবর্তিত হলেও আমাদের গ্রাহকদের আস্থা ফিরে এসেছে। ২০২৫ সালে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আমরা দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ করেছি এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করেছি, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”
তিনি আরও বলেন, “আমরা একটি শক্তিশালী, শরী’আহ সম্মত, প্রযুক্তি নির্ভর, পরিপালনের সংস্কৃতি লালনকারী আধুনিক ইসলামী ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। ‘ইনোভেশন অ্যান্ড ডিজিটাইজেশন ড্রাইভিং ট্রান্সফরমেশন’ স্লোগানকে সামনে রেখে ব্যাংকের সকল সেবায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে।”