৩৩ হাজার ভোল্টের টাওয়ারের স্টিলের খুঁটি খুলে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা
মাদারীপুর, বাংলাদেশ — ১৮ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে প্রকাশ্য দিবালোকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের উচ্চক্ষমতাসম্পন্ন টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদারীপুরে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর ৩৩ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ টাওয়ারের স্টিলের খুঁটির যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শকুনী মৌজার আলী কাজী সড়কে এ ঘটনা ঘটে। চুরির ফলে টাওয়ারটি হেলে পড়েছে। যেকোনো সময় ভেঙে পড়লে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওজোপাডিকোর মাদারীপুর উপ-বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ জানান, দিনদুপুরে চোরচক্র টাওয়ারের স্টিলের খুঁটির যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে চোরচক্র পালিয়ে যায়। এ সময় টাওয়ারের চারটি খুঁটির মধ্যে দুটি খুলে নেওয়া হয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
তিনি আরও বলেন, দ্রুত সংস্কার কাজ না করা হলে যেকোনো সময় টাওয়ারটি ভেঙে পড়তে পারে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিদ্যুৎ লাইনের টাওয়ারের যন্ত্রাংশ চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ওজোপাডিকোর উপ-বিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ, সহকারী প্রকৌশলী গোপাল চন্দ্র ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির ও রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা