হাতপাখা প্রতীক না থাকা আসনে আলোচনার ভিত্তিতে সমর্থনের ঘোষণা আসবে ২০ জানুয়ারির পর
ঢাকা, বাংলাদেশ — ১৮ জানুয়ারি ২০২৬
হাতপাখা প্রতীক না থাকা সংসদীয় আসনগুলোতে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলোচনার ভিত্তিতে ৩২ আসনের সমর্থনের ঘোষণা ২০ জানুয়ারির পর দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে।
তিনি আরও জানান, বাকি ৩২ আসনের বিষয়ে দলের সিদ্ধান্ত হলো— ফ্যাসিবাদবিরোধী শক্তিসমূহের মধ্য থেকে আসনভিত্তিক সৎ, যোগ্য এবং জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। ২০ জানুয়ারির পর নির্বাচনী প্রচারণা শুরু হলে আলোচনার মাধ্যমে যেসব আসনে হাতপাখা প্রতীক থাকবে না, সেসব আসনের সমর্থনের ঘোষণা দেওয়া হবে।
গাজী আতাউর রহমান বলেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে না। সময় এলে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।