সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু, একদিনে ৭ জেলার জনসভায় অংশগ্রহণ
ঢাকা, বাংলাদেশ — ২১ জানুয়ারি ২০২
দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার রাতে সিলেট সফরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে পুণ্যভূমি সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, বুধবার রাত সোয়া ৮টার দিকে বিমানে করে তারেক রহমান সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় নির্বাচনি সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন তিনি।
বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে, বিকাল ৫টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে এবং সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
সফরের শেষ পর্বে রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার/রূপগঞ্জ গাউসিয়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন তিনি। সব কর্মসূচি শেষে রাত ১০টার দিকে ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।
এই সফরকে ঘিরে সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।