ঢাকা — ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রশিদ হাবিব গণতান্ত্রিক অগ্রগতি নিশ্চিত ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভোটাররা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মন্তব্য করেন হাবিব। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও রেলগেট তিন কলোনি ও এলাকাবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
হাবিব বলেন, দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও রক্তক্ষয়ীর বিনিময়ে দেশের মানুষ পুনরায় গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছে। বহু সহযোদ্ধা জেল-নির্যাতন সহ্য করে এবং জীবন উৎসর্গ করে ভোটাধিকার নিশ্চিত করেছেন। এই অধিকারকে অর্থবহ করতে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনা সম্ভব। গণতন্ত্রের মূল শক্তি জনগণের ভোট, আর সেই ভোট প্রয়োগের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করা যায়।
নির্বাচিত হলে নিজেকে নেতা নয়, জনগণের সেবক হিসেবে দেখতে চান উল্লেখ করে হাবিব বলেন, এলাকার সন্তান হিসেবে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে হাবিব বলেন, নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করুন, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যান। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই ভোটাধিকার যেন অবহেলায় নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, তিনি একটি গণতান্ত্রিক, নিরাপদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চান—যেখানে সকল নাগরিক সমান অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। এই লক্ষ্য অর্জনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।