প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে শিশুদের সঠিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করবে বিএনপি।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান। এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শিশুদের ভবিষ্যৎ গঠনের ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই এই স্তরের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চায় বিএনপি।
তিনি বলেন, “আপনারা প্রাথমিক শিক্ষা নিয়ে যে রিলস তৈরি করেছেন, সেখানে আমাদের পূর্ববর্তী কাজের কথা তুলে ধরেছেন। আমরা মনে করি, সামাজিক মূল্যবোধ স্কুল থেকেই শেখাতে হবে। সে কারণেই প্রাথমিক শিক্ষার ওপর আমরা বিশেষ জোর দিচ্ছি।”
তারেক রহমান আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শুধু একাডেমিক দিক থেকেই নয়, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শেখানোর ক্ষেত্রেও প্রশিক্ষিত করতে হবে।
তিনি বলেন, “আমরা প্রাথমিক শিক্ষকদের আরও কোয়ালিফাই করতে চাই। তাদের জন্য এমন প্রশিক্ষণের ব্যবস্থা করব, যেখানে একাডেমিক ট্রেনিংয়ের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ কীভাবে শিশুদের শেখানো যায়, সে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।”
সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, ছোটবেলা থেকেই শিশুদের নৈতিক শিক্ষা দেওয়া গেলে ভবিষ্যতে অনেক সামাজিক সমস্যার সমাধান সম্ভব।
তিনি বলেন, “যদি আমরা বাচ্চাদের ছোটবেলা থেকেই শেখাতে পারি— কোনটা সঠিক, কোনটা ভুল; কোনটা ন্যায়, কোনটা অন্যায়— তাহলে একটা পর্যায়ে গিয়ে তাদের চিন্তাধারায় বিষয়গুলো স্থায়ীভাবে গেঁথে যাবে।”