ঢাকা | ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন-নির্যাতনের ফলেই বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ধর্ম ও অর্থের প্রলোভন ব্যবহার করে ভোট প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা স্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রিজভী বলেন, “কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে— ‘আমাদের জন্য কাজ করুন, আপনার বিকাশ নম্বর দিন, সেখানে টাকা পাঠানো হবে।’ প্রশ্ন হলো, টাকা দিয়ে ভোট কেনা কি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন নয়?” তিনি জানান, এসব তথ্য তিনি গণমাধ্যমে পড়েছেন এবং বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
প্রয়াত আরাফাত রহমান কোকোকে স্মরণ করে রিজভী বলেন, তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। “ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের সম্মিলিত নিপীড়ন-নির্যাতনের ফলেই কোকোর অকাল মৃত্যু হয়েছে,” বলেন তিনি।
২০১৫ সালের জানুয়ারিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করার ঘটনার কথা তুলে ধরে রিজভী বলেন, সেই সময় দেশনেত্রীর ওপর চালানো নিষ্ঠুর দমন-পীড়নের দৃশ্য মালয়েশিয়ায় অবস্থানরত কোকো প্রত্যক্ষ করছিলেন। হৃদরোগে আক্রান্ত অবস্থায় মায়ের ওপর এমন নির্যাতন দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, কোকোর লাশ দেশে আসার পর শোক জানাতে গিয়ে বিএনপি নেতাকর্মী, বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছিল। খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলার উদাহরণ টেনে রিজভী বলেন, এটি ছিল ফ্যাসিবাদের লোমহর্ষক দমননীতির প্রতিচ্ছবি।
রিজভী আরও বলেন, বহু রক্তস্রোত ও ত্যাগের বিনিময়ে জুলাই-আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে জনগণ ফ্যাসিবাদকে দেশছাড়া করেছে। “যারা জনগণের ওপর নিপীড়ন চালায়, তাদের শেষ পরিণতি পালিয়ে যাওয়া—৫ আগস্ট তার প্রমাণ,” বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব নির্বাচনি আইন ও আচরণবিধি মেনেই রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছেন এবং সংযত ভাষায় বক্তব্য দিচ্ছেন।
অনুষ্ঠান শেষে রিজভী মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করেন। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।