ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকা–১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মানবিক সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি বলেছেন, ভোটযুদ্ধে তার সবচেয়ে বড় শক্তি সাধারণ মানুষ। তাদের ভালোবাসা, দোয়া ও আস্থাই তাকে সাহস যোগাচ্ছে।
শনিবার সকাল থেকে তুলি ঢাকা–১৪ আসনের ৭নং ওয়ার্ডের মিরপুর ও রূপনগর এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ, দোকানপাট ও বাসাবাড়িতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। ইনশাল্লাহ, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে সংসদে গিয়ে জনগণের কথা বলবো।”
সানজিদা তুলি আরও বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা তাকে আশাবাদী করেছে। এই আসনের প্রতিটি মানুষের সুখ-দুঃখের পাশে থাকতে চাই।
এদিন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আরাফাত রহমান কোকোকে স্মরণ করেন। তিনি বলেন, “আজকের দিনটি আমাদের সবার জন্য বেদনার। ১১ বছর আগে আমরা প্রিয় আরাফাত রহমান কোকোকে হারিয়েছি। আমি সবার কাছে জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করছি।”
নির্বাচন প্রসঙ্গে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “ফজরের নামাজ আদায় করে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটি আগে দেবেন। তারপর কেন্দ্র পাহারা দেবেন। কোনো কালো টাকা বা পেশিশক্তির দাপট যেন ভোটকেন্দ্রে প্রভাব ফেলতে না পারে। ১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে।”
গণসংযোগে ঢাকা–১৪ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ‘মায়ের ডাক’ সংগঠনের ভিকটিম পরিবারের সদস্যরাও অংশ নেন এবং প্রার্থীর প্রতি সংহতি প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সানজিদা ইসলাম তুলির দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ড ও সামাজিক আন্দোলন তাকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে এসেছে। তার এই ঘরে ঘরে প্রচারণা ঢাকা–১৪ আসনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।