Daily Crisis BD [ ঢাকা -২৬ জানুয়ারি ২০২৬]
ডাকসু কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। একই সঙ্গে সম্প্রতি বহিরাগতদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, তার পদত্যাগের সিদ্ধান্তটি একান্তই ব্যক্তিগত এবং কারো প্রতি ক্ষোভ বা অভিমান থেকে নয়। তিনি বলেন, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে তাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিলেন, তিনি সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হননি। প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গিয়ে কয়েকজনকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েন সর্বমিত্র চাকমা। এ বিষয়ে তিনি পোস্টে লিখেন, প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হন। তবে তিনি স্বীকার করেন, এভাবে কাউকে শাস্তি দেওয়া তার উচিত হয়নি এবং ঘটনার জন্য তিনি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেন।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সর্বমিত্র চাকমা বলেন, শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠটি বহিরাগতদের অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও সাইকেল চুরির মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রশাসনকে বারবার বিষয়টি অবগত করা সত্ত্বেও সিসি ক্যামেরা স্থাপন বা নিরাপত্তা জোরদারে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের দীর্ঘদিনের নীরবতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন।
পদত্যাগের সিদ্ধান্তের মাধ্যমে নিজের সীমাবদ্ধতা ও ঘটনার দায় স্বীকার করে তিনি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দায়িত্বশীল আচরণের প্রতিশ্রুতি দেন।