কুমিল্লা (দেবিদ্বার), ২৭ জানুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এ কাজে কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন নেই—জুলাই আন্দোলনের যোদ্ধারাই ভোটকেন্দ্র পাহারা দেবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমার মা-বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের পানি খাইয়েছে। তারাই এবার ভোট চুরি ঠেকাবে। এই দেশে ভোট চুরির রাজনীতি শেখ হাসিনার পালানোর পরই শেষ হয়ে গেছে। যারা আবার সেই চেষ্টা করবে, তাদের পরিণতিও একই হবে।’
ভোটকেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ তুলে তিনি বলেন, ‘অনেকেই এখনো ভোট চুরি ও কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। তাদের সতর্ক করে দিতে চাই—এবার আর ছাড় দেওয়া হবে না।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাবেন এবং পাহারা দেবেন। যারা কেন্দ্র দখল করতে আসবে, তাদের প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।’
উঠান বৈঠকে সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন—কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জামসেদ হোসেন, মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার এবং উপজেলা এনসিপির সার্চ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ঈসমাঈল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।