পঞ্চগড়, ২৭ জানুয়ারি ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, ন্যূনতম জ্ঞান ও শিক্ষা ছাড়াই যারা মানুষকে বিভ্রান্ত করছে, তারা নতুন করে স্বৈরাচার কায়েম করতে চায়। তবে বাংলাদেশে আর কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারণা ও উঠান বৈঠকে এসব কথা বলেন সারজিস আলম। এ সময় তিনি প্রত্যন্ত গ্রামের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা শোনেন।
গণভোট প্রসঙ্গে সারজিস বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ১৯৭১ থাকবে না—এ ধরনের বক্তব্য যারা দিচ্ছে, আমরা মনে করি তাদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। যারা সংস্কারের পক্ষে না থেকে মানুষকে বিভ্রান্ত করছে, তারাই নতুন করে স্বৈরাচার হতে চায়।’
তিনি বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না—এই নতুন বাংলাদেশ এক হাজারেরও বেশি শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। অসংখ্য মানুষ জীবন দিয়েছে কারণ তারা সংস্কার ও পরিবর্তন চেয়েছিল।’
জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সারজিস আলম বলেন, ‘এই সংস্কার বাস্তবায়ন হবে জুলাই সনদের মাধ্যমে। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতেই হবে। যারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, তারা চাইবে এই গণভোট ব্যর্থ হোক।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি আমরা রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার করতে চাই এবং জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করতে চাই—তাহলে গণভোটে হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই।’
সারজিস আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়িত হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে।