ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) প্রকাশ্যে পক্ষপাতমূলক আচরণ করছেন, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. তাহের।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিভিন্ন স্থানে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন। বারবার বিষয়টি সরকারের ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
ডা. তাহের বলেন, হয় সরকার ও নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই, অথবা তারা ইচ্ছাকৃতভাবে একদিকে ঝুঁকে পড়েছে। এর ফলে গোটা নির্বাচনব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে এবং দেশ একটি জটিল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের নারী নেতাকর্মীদের ওপর হামলা ও হেনস্থার অভিযোগ তুলে ধরে তিনি জানান, এসব ঘটনার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বাধ্য হয়েই নারী কর্মীরা প্রথমবারের মতো প্রকাশ্য সমাবেশে অংশ নিচ্ছেন।
তিনি আরও বলেন, নারীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ না হলে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নেতাকর্মীদের ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে মাঠে থাকার নির্দেশও দেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, জুলাই আন্দোলনের পর এ ধরনের কর্মকাণ্ড এবং সরকার ও নির্বাচন কমিশনের নীরবতা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। এর দায় এড়ানো যাবে না।
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোয় ৪৩ শতাংশ নারী রয়েছে, যা দেশের অন্য কোনো রাজনৈতিক দলে নেই। তার মতে, নারীরাই এবার জামায়াতের বড় শক্তি হয়ে উঠছে, আর এ কারণেই প্রতিপক্ষরা নারী কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো নির্বাচন হলে তা জনগণ কখনোই মেনে নেবে না। জোর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মা‘ছুম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।