ময়মনসিংহ | ২৭ জানুয়ারি ২০২৬
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তার নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে নগরীতে। ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ নগরীতে দলে দলে নেতাকর্মীরা প্রবেশ করতে থাকেন। ঢাকঢোল পিটিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে মিছিল করে তারা সার্কিট হাউস মাঠে এসে জড়ো হন। সময়ের সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
বেলা আড়াইটার দিকে তারেক রহমানের মঞ্চে ওঠার কথা থাকলেও তিনি বিকেল ৩টা ৫৫ মিনিটে মঞ্চে উপস্থিত হন। মঞ্চে উঠেই তিনি হাত নেড়ে জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের অভিবাদন জানান। এ সময় ‘তারেক রহমানকে স্বাগতম’, ‘তারেক রহমান এগিয়ে চলো’—স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল।
ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার এবং উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেনের যৌথ সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।
এর আগে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। নেতাকর্মীদের স্লোগান ও মিছিলে পুরো ময়মনসিংহ নগরী উৎসবের নগরীতে রূপ নেয়।
নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি উপস্থিতি তাদের নতুন করে উজ্জীবিত করেছে এবং নির্বাচনি মাঠে বড় ধরনের প্রভাব ফেলবে।