ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সচিবালয়ে ভুয়া পাস ব্যবহার করে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক সরকারি কর্মচারীকেও আইনের আওতায় আনা হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্ট থাকায় এক সরকারি কর্মচারীকেও শাস্তি দেওয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি সচিবালয়ে এই ঘটনা ঘটে।
আটক ও দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আলিফ শরীফ (১ মাসের কারাদণ্ড), মো. আশিক (৭ দিনের কারাদণ্ড) এবং মো. দিদারুল আলম (১ মাসের কারাদণ্ড)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং টিম ২৫ জানুয়ারি সচিবালয়ে তল্লাশি অভিযান চালিয়ে দুইজন অননুমোদিত ব্যক্তিকে আটক করে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া পাস তৈরি করে সচিবালয়ে প্রবেশ করেছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তদন্তে ঘটনায় এক সরকারি কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হয়।
এদিকে সচিবালয়ে অননুমোদিত গাড়ি প্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। বর্তমানে স্টিকারবিহীন কিংবা মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত কোনো গাড়িকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা–২০২৫’ যথাযথভাবে বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত এই তদারকি ও অভিযান চালানো হচ্ছে। সচিবালয়ের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।