কুমিল্লা | ২৮ জানুয়ারি ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিয়েছেন, এগারোদলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে। বুধবার দেবীদ্বার নিউমার্কেট চত্বরে নির্বাচনি পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে এগারোজন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জীবন দিয়েছে। আমাদের লক্ষ্য ভোটের মাধ্যমে গুম, খুন, হত্যাসহ সব ধরনের জুলুম থেকে দেশকে মুক্ত করা।”
তিনি আরও বলেন, “তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই। যারা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারো দয়ার ওপর নির্ভরশীল হতে পারবে না। আমরা তাদের সম্মানজনক কাজ দিয়ে সম্মানিত করতে চাই।”
এনসিপির নির্বাচন কমিটির সদস্যসচিব মনিরা শারমিন বলেন, “একটি দল নারীদের ওপর হামলা করছে। নারীরা ভোট দিতে গেলে হেনস্থা করা হচ্ছে। জনগণ এমনদের সংসদে পাঠাবেন না। ঋণখেলাপি বা বিদেশি নাগরিকদেরও ভোট দিয়ে পাঠানো যাবে না। শাপলা কলিতে ভোট দিয়ে বিজয়ী করুন।”
পথসভায় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামও বক্তব্য রাখেন। তাঁরা স্থানীয় জনগণকে ভোট দিয়ে তরুণ নেতাদের বিজয়ী করার আহ্বান জানান।
সভায় এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেলসহ অন্যান্য নেতা-কর্মী।