ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যকার সহিংসতা এবং এক জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষ সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শেরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যকার সহিংসতা এবং এক জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “এই ঘটনায় শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার ভিডিও ফুটেজ, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে যারা প্রকৃতপক্ষে দায়ী, আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, ঢালাও গ্রেপ্তার অভিযান পরিচালনার পরিবর্তে সুনির্দিষ্টভাবে অপরাধীদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে পুলিশ অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করছে।
প্রেস সচিব বলেন, “আমাদের লক্ষ্য হলো—কোনো নিরপরাধ ব্যক্তি যেন গ্রেপ্তার না হয়, কেউ যেন হয়রানির শিকার না হয় এবং একই সঙ্গে প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই আইনের হাত এড়িয়ে যেতে না পারে।”
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এই ঘটনা তদন্ত করছে বলেও জানান তিনি।