ঢাকা | ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও প্রতিবাদী জনতার ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ডাকসু এক বিবৃতিতে জানায়, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শহীদ হাদির স্ত্রীসহ সাধারণ মানুষ গত বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন। এ অবস্থায় আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, একটি ন্যায়সংগত ও যৌক্তিক দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা শান্তিপূর্ণ আন্দোলনে দমনমূলক আচরণ রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এ ধরনের হামলা জনমনে ভীতি ও ক্ষোভ সৃষ্টি করছে এবং বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাকে ক্ষুণ্ন করছে।
ডাকসু নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে। একই সঙ্গে আন্দোলনরতদের ওপর চালানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস হামলার ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ছাড়া শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে ডাকসু বলেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জনমনে ক্ষোভ আরও গভীর হবে এবং সামাজিক অস্থিরতা বাড়বে।