প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
নরসিংদী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী সারোয়ার তুষারকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মাওলানা আমজাদ হোসেন। শুক্রবার জামায়াতের এই নেতা সারোয়ার তুষারের শাপলা কলি মার্কার পক্ষে নির্বাচনী মিছিলে অংশ নেন।
মিছিলটি শুক্রবার সকালে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে পলাশ বাসস্ট্যান্ড থেকে খানেপুর বাজার হয়ে বিআইডিসি মোড় প্রদক্ষিণ শেষে আবার পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন আমজাদ হোসেন, সারোয়ার তুষার এবং ১১ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী আসন সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে জামায়াতের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। আজ সারোয়ার তুষারকে আমজাদ হোসেনের প্রকাশ্য সমর্থনের মাধ্যমে সেই বিভ্রান্তি দূর হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থীর জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার জন্য আবেদন জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর ২৩ জানুয়ারি পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে আসনটি এনসিপি প্রার্থী সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়েছে।
যদিও জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায়, ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিভ্রান্তি এড়াতে এবং রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের স্বার্থে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতের প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়।