প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে জাপানের নির্বাচন পর্যবেক্ষক দল। এই মিশনের প্রধান লক্ষ্য হচ্ছে ভোটপ্রক্রিয়া স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা।
ঢাকায় অবস্থিত জাপান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের পর্যবেক্ষক মিশনটি জাপানের প্রাক্তন রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে পরিচালিত হবে। দলে থাকবেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, দূতাবাসের প্রতিনিধিরা এবং একজন বহিরাগত নির্বাচন বিশেষজ্ঞ।
মিশনটি কেবল ভোটগ্রহণ নয়, ভোট গণনা, নির্বাচনি পরিবেশ, প্রশাসনিক প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির ওপরও নিবিড়ভাবে নজর রাখবে। এছাড়া তারা বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করবে এবং অন্যান্য দেশের পর্যবেক্ষক দলের সঙ্গে মতবিনিময় করবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছে। জাপান সরকার মনে করছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এ উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্র সুসংহতকরণে সহায়ক হবে এবং গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক প্রভাব ফেলবে।