প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
২০২৬ সালের প্রথম ১৫ দিনে ভারতের রাজধানী দিল্লিতে মোট ৮০৭ জন নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। নিখোঁজদের মধ্যে ৫০৯ জন নারী ও শিশু, যা মোট নিখোঁজের প্রায় দুই-তৃতীয়াংশ। এই পরিসংখ্যান শিশু ও নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি ১ থেকে ১৫ তারিখের মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ৫৪ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫০৯ জন নারী ও কিশোরী এবং ২৯৮ জন পুরুষ। এখন পর্যন্ত ২৩৫ জনকে খুঁজে পাওয়া গেছে, বাকি ৫৭২ জনের কোনো সন্ধান মেলেনি।
মোট নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক। শিশুদের মধ্যে ১৪৬ জন মেয়ে এবং ৪৫ জন ছেলে। কিশোর-কিশোরীরাই সংখ্যাগরিষ্ঠ, মোট ১৬৯ জন, যার মধ্যে ১৩৮ জন মেয়ে ও ৩১ জন ছেলে। তবে এই কিশোর-কিশোরীদের নিখোঁজ মামলার প্রায় ৭১ শতাংশ এখনও অমীমাংসিত।
৮ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে ১৩ জন নিখোঁজ হয়েছে, যার মধ্যে আটজন ছেলে ও পাঁচজন মেয়ে। এছাড়া আট বছরের নিচে আরও ৯ শিশু নিখোঁজ হয়েছে, যার মধ্যে মাত্র ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাপ্তবয়স্করা নিখোঁজের তালিকায় বড় অংশ, মোট ৬১৬ জন, যার মধ্যে ৩৬৩ জন নারী ও ২৫৩ জন পুরুষ। তাদের মধ্যে ১৮১ জনকে শনাক্ত করা সম্ভব হলেও ৪৩৫টি মামলা এখনো ঝুলে আছে।
২০২৫ সালে দিল্লিতে মোট সাড়ে ২৪ হাজারের বেশি নিখোঁজের ঘটনা নথিভুক্ত হয়েছিল, যার ৬০ শতাংশেরও বেশি নারী। গত এক দশকে দিল্লিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন এবং এখনও প্রায় ৫২ হাজার মামলা অমীমাংসিত রয়ে গেছে।