প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ ও আধাদক্ষ জনশক্তি বিদেশে কর্মসংস্থানে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে দেশের বেকারত্ব কমানো, রেমিটেন্স আয় বৃদ্ধি এবং প্রবাসীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।
বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণ
ইশতেহারে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে প্রেরণ করা হবে। উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত কর্মপ্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য সর্বনিম্ন খরচে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রবাসে যেতে আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়া হবে।
প্রবাসী কার্ড ও কল্যাণ ফাউন্ডেশন
প্রবাসী বাংলাদেশীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে, যা ব্যাংক পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত থাকবে। রেমিটেন্সে বাড়তি প্রণোদনা দেওয়া হবে এবং দেশে ফেরত প্রবাসীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। এছাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রবাসীদের মৃত্যু, দুর্ঘটনা বা চাকরি হারালে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ওভারসিজ স্কিলস ইনভেস্টমেন্ট পার্ক
১০০ একর জমিতে বিশেষায়িত ‘ওভারসিজ স্কিলস ইনভেস্টমেন্ট পার্ক’ স্থাপন করা হবে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আধুনিক মানের স্কিলস ট্রেনিং সেন্টার স্থাপন করতে পারবেন। প্রবাসীদের বিনিয়োগে বিশেষ সুযোগ ও প্রণোদনা দেওয়া হবে।
কারিগরি শিক্ষায় জনবল নিয়োগ
সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৭,৫০০ দেশি শিক্ষক ও উন্নত বিশ্বের প্রশিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পলিটেকনিক, টিটিসি ও বিটিইবি প্রতিষ্ঠানে এক হাজার দক্ষ বিদেশি প্রশিক্ষক থাকবেন।
ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও অনলাইন প্রশিক্ষণ
আরবি, ইংরেজি, জাপানিজ, জার্মান ও কোরিয়ান ভাষায় দক্ষতা অর্জনের জন্য এক হাজার ভাষা প্রশিক্ষক নিযুক্ত হবেন। ১০০ জন নেটিভ স্পিকার স্থানীয় শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। এছাড়া ‘ফরেন ল্যাঙ্গুয়েজ ই-লার্নিং সেন্টার’ থেকে অনলাইনে বিভিন্ন ভাষার প্রশিক্ষণ দেওয়া হবে।
অবকাঠামো ও প্রযুক্তি সংস্কার
পলিটেকনিক, টিটিসি, বিটিইবি ও অন্যান্য সরকারি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর যন্ত্রপাতি আধুনিকায়ন ও নতুন ভবন নির্মাণে ৪,০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে।
জাতীয় কারিগরি দক্ষতা কমিশন ও স্কিল ভেরিফিকেশন
‘জাতীয় কারিগরি দক্ষতা কমিশন’ গঠন করে সব কারিগরি প্রতিষ্ঠানের প্রশিক্ষণের মান নিয়ন্ত্রণ করা হবে। দক্ষ কর্মীদের জন্য ‘স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম’ চালু করা হবে, যার মাধ্যমে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।
মাইগ্রেশন মার্কেট রিসার্চ ইনস্টিটিউট
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘মাইগ্রেশন মার্কেট রিসার্চ ইনস্টিটিউট’ গঠন করা হবে, যা আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির সুপারিশ করবে।