নোয়াখালী | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অফিসে থাকা কয়েকটি চেয়ার, টেবিল এবং একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনা শনিবার ভোর রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের দীনেশগঞ্জ বাজারে ঘটে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে ১১ দলীয় জোটের প্রতীকের নির্বাচনী প্রচারের জন্য দীনেশগঞ্জ বাজারে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছিল।
ভোরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে অফিসে থাকা একটি অটোরিকশা ও কিছু চেয়ার-টেবিল সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি কোনো দুর্বৃত্তায়ন, তা এখনও নিশ্চিত হয়নি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট রসুলপুর ইউনিয়নের সভাপতি মো: ইউছুফ এবং সাধারণ সম্পাদক ফয়সাল জানিয়েছেন, “অফিসটি আমাদের তত্ত্বাবধানে ছিল। দুর্বৃত্তদের লাগানো আগুনে মালামাল পুড়ে গেছে। ঘটনাটি সুপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। যারা এ ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।”
বেগমগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।