ঢাকা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চের কর্মসূচির সময় সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রেস সচিব শফিকুল আলম দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতার আশা প্রকাশ করেছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শনিবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, গত ১৮ মাসে দেশের গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তারপরও মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে।
তিনি জানান, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে হওয়া কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা ও হাদির দীর্ঘদিনের সহচর আবদুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। এ সময় আরও বহু সমর্থক ও কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
জাবেরকে হাসপাতালে নেওয়ার সময় তার ফেসবুক থেকে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় তিনি ‘গুলিবিদ্ধ’ হয়েছেন। প্রেস সচিব বলেন, “‘গুলিবিদ্ধ’ শব্দটি সাধারণত সরাসরি গুলিতে আহত হওয়ার অর্থ বোঝায়।” দুর্ভাগ্যবশত, অনেক বড় গণমাধ্যম এই পোস্টকেই সত্য ধরে শিরোনাম ও ফটোকার্ডে প্রচার করে।
পরবর্তীতে সরকার ও ঢাকা মহানগর পুলিশ নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে কোনো গুলি ছোড়া হয়নি এবং জাবেরসহ কোনো আন্দোলনকারী গুলিবিদ্ধ হননি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও এ তথ্য নিশ্চিত করেছে।
শফিকুল আলম বলেন, “একটি ভুল সংবাদও সহিংসতা উসকে দিতে পারে, দাঙ্গা সৃষ্টি করতে পারে এবং জনজীবনে অরাজকতা ডেকে আনতে পারে।” তিনি অভিযোগ করেছেন, অনেক সংবাদমাধ্যম ক্লিকবেইটের ফাঁদে পড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।
প্রেস সচিব আরও বলেন, সাংবাদিকদের দায়িত্ববোধ অপরিহার্য। সরকার, রাজনীতিক ও প্রভাবশালীদের দায়িত্বশীলতার কথা উল্লেখ করে সাংবাদিকরাও সচেতন থাকা উচিত।