ঢাকা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা জাইমা রহমান। শনিবার দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি।
জাইমা রহমান গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইছেন। পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা এবং শপিং মলে আসা ভোটারদের হাতে নির্বাচনি লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগের সময় জাইমা বিভিন্ন অফিস ও ব্যাংকের ভিতরেও প্রবেশ করেন। একটি বেসরকারি ব্যাংকের ভেতরে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”
জাইমা রহমানের সঙ্গে গণসংযোগে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও দেখা গেছে। নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকা সত্ত্বেও তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে নেমে গণসংযোগ করেছেন।
গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেক ভোটার তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি সানন্দে গ্রহণ করেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।