ঢাকা । ১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সপরিবারে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। বিজয় লাভ করলে সবচেয়ে প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়ন।”
এর আগে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
একই কেন্দ্রে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ভোট দেন। এছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার সম্পর্কিত গণভোট বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনের ৪২ হাজার ৯৫৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দীর্ঘ সময় পর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কেন্দ্র করে অনেক এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।