ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল। ঢাকায় এক সৌজন্য বৈঠকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি হিসেবে সফররত অধ্যাপক আহসান ইকবাল তারেক রহমানের কাছে শেহবাজ শরিফের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন। ঢাকার পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বাণিজ্য, সামুদ্রিক সংযোগ এবং শিল্প সহযোগিতাসহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
যুব উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি এবং শিক্ষা খাতে অংশীদারিত্ব সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) সংযোগ উন্নয়ন এবং আঞ্চলিক বাজারে যৌথ রপ্তানি বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ উদীয়মান খাতে যৌথ বিনিয়োগ ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে দুই পক্ষ একমত হয়েছেন। অধ্যাপক আহসান ইকবাল ‘পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডর’ নামে একটি উদ্যোগের প্রস্তাব দেন।
এই উদ্যোগের লক্ষ্য দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি হস্তান্তর ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম জোরদার করা। একই সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করতে আল্লামা ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী যৌথভাবে উদযাপনের প্রস্তাবও তোলা হয়।
বৈঠকের শেষ পর্যায়ে দুই নেতা বাস্তবমুখী সহযোগিতা ত্বরান্বিত করে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি ও ভূ-অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। দক্ষিণ এশিয়ার মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ প্রকাশ করা হয়।
কূটনীতিক মহলের মতে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের কাছে আসা প্রথম কোনো রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ। এই সফর বাস্তবায়িত হলে দুই দেশের সম্পর্ক নতুন রাজনৈতিক ও কূটনৈতিক মাত্রা পেতে পারে।