ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন। তাকে বরণ করতে বুধবার সকাল থেকেই সচিবালয়ে বিশেষ প্রস্তুতি ও ব্যস্ততা লক্ষ্য করা গেছে।
বুধবার সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাজসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। অনেক কর্মকর্তা-কর্মচারীকে ফুলের তোড়া নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরা সকাল থেকেই সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কক্ষ আগের দিন বিকেলে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কক্ষে নতুন নামফলক স্থাপন করা হয়েছে এবং অফিসগুলো নতুনভাবে সাজানো হয়েছে।
সচিবালয়ে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, নতুন প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবসকে ঘিরে সবার মধ্যে উৎসাহ ও প্রত্যাশা কাজ করছে।
ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট মন্ত্রী প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এরপর সচিবালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তরে অফিস করবেন। সেখানে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।
দুপুরে সচিবালয়ে মধ্যাহ্নভোজের পর বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন তিনি। এরপর বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এদিকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ে দায়িত্বভার গ্রহণ করবেন এবং কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন। বৈঠক শেষে মন্ত্রিসভার সদস্যরা সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে।