টোকিও, জাপান, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জাপানের পার্লামেন্টে ভোটের মাধ্যমে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি সানায়ে তাকাইচি। তিনি জাপানের ১০৫তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং আজই তার দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করবেন।
গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে ১০৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাকাইচি। পরে ২৩ জানুয়ারি তিনি পার্লামেন্ট ভেঙ্গে দেন। ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এলডিপি দুই-তৃতীয়াংশেরও বেশি আসন জয় লাভ করে, যা তাকাইচিকে ১০৫তম প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার পথ সুগম করে।
জাপানের প্রধানমন্ত্রী মনোনয়ন ভোট পার্লামেন্টের উভয় কক্ষে অনুষ্ঠিত হয়। যদি ফলাফল ভিন্ন হয়, তবে নিম্নকক্ষের ভোটকে প্রাধান্য দেওয়া হয়। এ কারণে তাকাইচির পুনঃনির্বাচন নিশ্চিত হয়।
আজ তাকাইচি তার দ্বিতীয় মন্ত্রিসভা চালু করবেন। কোনো পরিবর্তন না করে তিনি সকল মন্ত্রিসভার সদস্যদের একইভাবে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র: দ্য জাপান নিউজ