জেরুজালেম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জেরুজালেমের আল-আকসা মসজিদে পবিত্র রমজান মাসের প্রথম তারাবি নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। মসজিদের ভেতরে জায়গা না থাকার কারণে অনেকে বাইরে অবস্থান করে নামাজ আদায় করেন।
ইমামতি করেন শেখ ইউসুফ আবু স্নেইনাহ। নামাজ চলাকালীন মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশ অবস্থান করে, অনলাইনে শেয়ার করা ফুটেজে মুসল্লিদের মধ্যে চলাফেরা করতে দেখা গেছে।
গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন পূর্বে ঘোষণা দেন, বুধবার রমজান মাসের প্রথম দিন হবে। সম্প্রতি ওল্ড সিটি এবং আল-আকসা প্রাঙ্গণে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ধর্মীয় ব্যক্তিত্ব ও কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার এবং অস্থায়ী নিষেধাজ্ঞাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
জেরুজালেম গভর্নরেটের তথ্যানুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে ২৫০টিরও বেশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ইসরাইলি পুলিশ আল-আকসার ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেপ্তার করে।
২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সকল বসতি খালি করার আহ্বান জানায়।