১৯ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতের তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীদের ক্লাসমুখী করা। এছাড়া কারিকুলাম পর্যালোচনা ও কারিগরি শিক্ষার উন্নয়নও প্রাথমিক অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আইনের আওতায় আনা হবে এবং সরকারের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যথাযথ নিয়মনীতি মেনে পরিচালিত হতে হবে। স্কুল খোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুমতি প্রক্রিয়া সুষ্ঠু রাখা হবে।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন আরও বলেন, সামনে আসন্ন এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হবে। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, নকলবিরোধী অভিযান আর আলাদা ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “শিক্ষকরা ক্লাস ছেড়ে রাজপথে আন্দোলন করবেন—এটা হতে পারে না। আমরা এমন পরিস্থিতি এড়াতে আগেভাগেই পদক্ষেপ নেব।”
তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের মতো নয়; এটি একটি মৌলিক মন্ত্রণালয়। এখানে পূর্ববর্তী কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ ডকুমেন্ট তৈরি করা হবে এবং শাস্তি ও পুরস্কারের ব্যবস্থা কার্যকর করা হবে।
বেসরকারি শিক্ষকদের অবসরভাতা এবং এমপিও সংক্রান্ত বিষয়গুলোও মন্ত্রণালয় দ্রুত পর্যালোচনা করে পদক্ষেপ নেবে। এছাড়া শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, বই নিয়ে বাণিজ্য আর হবে না।
প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রণালয়ের নতুন এজেন্ডা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।