সিলেট, ২০ ফেব্রুয়ারি ২০২৬
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
Body / Main Content
শুক্রবার সকালে“সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর”, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। দায়িত্ব গ্রহণের সময় রোজা সামনে থাকায় বিশেষ প্রস্তুতির সুযোগ কম ছিল, তবে ইতিবাচক দিক হলো—সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, যা বাজারমূল্য নিয়ন্ত্রণে সহায়ক হবে।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনি প্রচারণা ও ইশতেহারে সিলেটের উন্নয়ন অগ্রাধিকার পেয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, আইটি খাতের প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী দেশগুলো বড় আকারের ডিজিটাল কর্মসূচি গ্রহণ করেছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর সক্ষমতা অর্জন করতে হবে।
আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে দেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।